ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মধুখালীতে মহাসড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গাসহ সরকারি খাস জমিতে অবৈধভাবে অনেক দোকানঘর ও প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনাসহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। আমরা জনস্বার্থে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিয়েছি।

Location :

Faridpur
মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়
মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় |নয়া দিগন্ত

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে অবৈধভাবে নির্মিত মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মার্কেটসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগষ্ট) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মধুখালী সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গাসহ সরকারি খাস জমিতে অবৈধভাবে অনেক দোকানঘর ও প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনাসহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। আমরা জনস্বার্থে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিয়েছি।

উল্লেখ্য, মধুখালী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখ বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি জমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করেন। উচ্ছেদ অভিযানে কয়েকশ’ জনতার উপস্থিতিতে ওই মুক্তিযোদ্ধার মার্কেটটি ভেঙে দেয়া হয়।

অভিযানে মধুখালী রেলগেট বাজার, পৌরসভা বাজার, মরিচ বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান সরজমিন পরিদর্শন করেন। অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের জন্য প্রশাসনকে অভিনন্দন জানিয়ে মধুখালী বাজারের ব্যবসায়ী নেতা সুজন মিয়া বলেন, ‘এটা অত্যন্ত ভাল কাজ হয়েছে। স্বাধীনতার পর এ প্রথম মধুখালীতে এত বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ জন্য আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ।’