সাবেক সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এ লক্ষ্যে ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নিজ দফতরে অ্যালামনাই ওয়েবসাইটের উদ্বোধন করেন।
অ্যালামনাই গ্রুপে যুক্ত হতে (alumni.ruet.ac.bd) এই ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। প্রভিশনাল সার্টিফিকেট (পিভিসি) ভেরিফাই করার মাধ্যমে ওয়েবসাইটে সংযুক্ত হতে পারবেন যেকোনো সাবেক শিক্ষার্থী। বাংলাদেশসহ সারা বিশ্বে রুয়েটের লক্ষাধিক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। তাদেরকে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য রুয়েটের এই উদ্যোগ। ক্যারিয়ার প্ল্যানিং ও অ্যালামনাই প্লেসমেন্ট সেন্টারের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের সহযোগিতায় অফিসিয়াল অ্যালামনাই ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
ক্যারিয়ার প্ল্যানিং ও এলামনাই প্লেসমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো: আবু ইসমাইল সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে রুয়েটের লক্ষাধিক শিক্ষার্থীরা নিজে উদ্যোক্তা অথবা বিভিন্ন দফতরে উচ্চপদস্থ পদে কর্মরত রয়েছেন, তাদেরকে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য রুয়েটের এই উদ্যোগ। এই ওয়েব সাইটের মাধ্যমে একজন অ্যালামনাস শিক্ষার্থী অপর অ্যালামনাস শিক্ষার্থীকে সহযোগিতা করতে পারবেন।’
‘একজন অ্যালামনাস অপর বিশ্বের যেকোনো প্রান্তে থাকা অপর অ্যালামনাসের সাথে যোগাযোগ করতে পারবেন। জব পোস্ট করতে পারবেন। জব সার্চ করতে পারবেন। নিজের লেখা ব্লগ পোস্ট করতে পারবেন। অসুস্থ রোগীর জন্য প্রয়োজনে রক্তের চাহিদা তুলে ধরতে পারবেন। রুয়েট প্রশাসনের দেয়া তথ্য একত্রে সকল অ্যালামনাই শিক্ষার্থীরা পেতে পারবেন, এমনকি তারা নিজেরাও সকলকে একত্রে তথ্য দিতে পারবেন। দুর্যোগ বা মানবিক সহায়তার ক্ষেত্রে ফান্ড রেইজেও এই ওয়েবপেজটি দারুণভাবে কাজে দিবে। বিভিন্ন ইভেন্ট অর্গানাইজের ক্ষেত্রে প্রচারণা হিসেবে কাজে দিবে এই ওয়েব পেজ।’
রুয়েটের সাবেক শিক্ষার্থীরা নিজেরা এই ওয়েবসাইটে সংযুক্ত হওয়ার পাশাপাশি অন্য সাবেক শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশন করার জন্য উৎসাহিত করবেন বলে আশা করছেন রুয়েট প্রশাসন।
অ্যালামনাই ওয়েবসাইট উউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার, ছাত্রকল্যাণ দফতরের উপপরিচালক (অর্থ) অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ আল মাহমুদ, গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: সামিউল হাবিব, যানবাহন শাখার প্রশাসক অধ্যাপক মো: ওয়াহেদুল ইসলাম তুষার ও ছাত্রকল্যাণ দফতরের সহকারী পরিচালক মো: আবু ইসমাইল সিদ্দিকী প্রমুখ।



