কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের জনকল্যাণ তহবিল থেকে তরুণ-তরুণীদের মাঝে কম্পিউটার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে জামায়াতের সিলেট মহানগর কার্যালয়ে কম্পিউটার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। দারিদ্র দূরীকরণ ও মানবতার কল্যাণে জামায়াতের দারিদ্র বিমোচন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মূল লক্ষ। জামায়াত ধনী-গরিবের বৈষম্য দূর করে দারিদ্রমুক্ত সমাজ গঠন করতে চায়। এ জন্যে আমরা প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহ করে তা দিয়ে গঠিত জনকল্যাণ তহবিল থেকে দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, রিকশা, ভ্যানসহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছি। এ বছর আমরা যুবক-যুবতীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কম্পিউটার বিতরণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সমাজ ও অর্থ ব্যবস্থায় দারিদ্র দূর করা বড় চ্যালেঞ্জ। দারিদ্র দূর করার পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণমুখী অর্থব্যবস্থা। জামায়াত যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে তার মূলে রয়েছে জনকল্যাণমুখী যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদানের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টির বাস্তবসম্মত উদ্যোগ নিচ্ছে জামায়াত।’
অধ্যাপক ফজলুর রহমান বলেন, ‘আমাদের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। শিক্ষিত যুবক-যুবতীকে প্রশিক্ষিত করে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতের পক্ষ থেকে কম্পিউটার বিতরণ একটি মাইলফলক। এর মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি স্বনির্ভরতা অর্জনের সুযোগ তৈরি হবে।’
অনুষ্ঠানে বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও মহানগর উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান উপস্থিত ছিলেন।



