টাঙ্গাইলের ভূঞাপুরে এক অনন্য বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে—যমজ দুই ভাইয়ের সাথে যমজ দুই বোনের বিয়ে। বিষয়টি কাকতালীয় হলেও স্থানীয়দের কাছে এটি ছিল বিরল ও আকর্ষণীয় এক ঘটনা।
গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়ার শফিকুল ইসলামের যমজ দুই মেয়ে সুমাইয়া আক্তার পাতা ও সোনিয়া আক্তার লতার সাথে লক্ষ্মীপুর সদর উপজেলার নুরুল আলমের যমজ দুই ছেলে আব্দুর রাজ্জাক আশেক ও আব্দুল জব্বার মাসুমের বিয়ে সম্পন্ন হয়। বররা দুবাই প্রবাসী, আর কনেরা এবারের এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার সকালে একই ধরনের শেরওয়ানি পরে কনের বাড়িতে হাজির হন দুই ভাই, আর দুই বোনও পরেছিলেন একই ধরনের শাড়ি। ফলে অতিথিদের কাছে কে কোন নবদম্পতি তা বোঝা কঠিন হয়ে পড়ে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় অনাড়ম্বর পরিবেশে গায়ে হলুদ সম্পন্ন হয়। খবর ছড়িয়ে পড়লে বিয়ে বাড়িতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা ও আমন্ত্রিত অতিথিরা।
স্থানীয়রা জানান, এই রকম বিয়ে সচরাচর দেখা যায় না। তাই বিয়ে দেখতে অনেক লোক এসেছে। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর তাদের দেখতে এসেছে। তবে বিষয়টি খুবই ভালো লেগেছে। এই দুই নবদম্পতি যাতে সুখী হয়, এজন্য দোয়াও চেয়ছেন তারা।
যমজ দুই ভাই আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বার বলেন, আমরা দুই ভাই লেখাপড়া শেষ করে প্রবাসে থাকি। ছোটকাল থেকেই একসাথে বড় হয়েছি। তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নেই যে কোন যমজ দুই বোনকে বিয়ে করবো। তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে তথ্য আদান-প্রদানের মাধ্যমে দুই যমজ বোনের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ, তারা আমাদের বিয়ে করতে সম্মতি দিয়েছে। আমরা দুই যমজ ভাই দুই যমজ বোনকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন দাম্পত্য জীবন সুখের হয়।
যমজ দুই বোন লতা ও পাতা জানায়, এ বিয়ের মাধ্যমে তারা একসাথে থাকতে পারবে। এজন্য খুশি তারা। দোয়া চেয়েছেন সবার কাছে।
যমজ দুই মেয়ের চাচা রফিকুল ইসলাম মনি জানান, যমজ দুই ভাতিজির জন্য যমজ দুই ছেলের সন্ধান পাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকার এক শিক্ষকের মাধ্যমে। ভাতিজি দু’জনই এইচএসসি পরীক্ষা দেবে এবং ছেলেরাও দুইজন লেখাপড়া শেষ করে প্রবাসে চাকরি করছে। আল্লাহ তা‘আলা তাদের জুটি মিলিয়ে দিয়েছে। তাদের জন্য দোয়া চেয়েছেন। যেন তাদের দাম্পত্য জীবন সুখের হয়।
যমজ দুই ছেলের বাবা মো: নুরুল আলম জানান, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে অনেক আনন্দিত। তিনি নবদম্পতিদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।



