গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে তার নিচে চাপা পড়ে সাদুল্লাপুরের মোজাহিদ মিয়া ওরফে শুন্যে (২৩) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে ফুলছড়ি উপজেলার আনন্দবাজার রেললাইন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহিদ মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ মন্দুয়ার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি চাল নিয়ে কালিরবাজার থেকে সাদুল্লাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে আনন্দবাজার রেললাইন সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রাকটির চাকা ভেঙে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোজাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, আনন্দবাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। সেটি খতিয়ে দেখা হচ্ছে।



