এসএসসিতে সিলেটে কমেছে পরীক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারও সিলেট বোর্ডে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। এ বছর সিলেট শিক্ষাবোর্ডে মোট এসএসসি পরীক্ষার্থী ৮৯ হাজার ৪২১ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১২ হাজার ৭৯৮ জন। এর আগের বছর ২০২৪ সালে পরীক্ষার্থী কমেছিল ৬ হাজার ৮৫৪জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট শিক্ষাবোর্ড
সিলেট শিক্ষাবোর্ড |নয়া দিগন্ত

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারও সিলেট বোর্ডে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। এ বছর সিলেট শিক্ষাবোর্ডে মোট এসএসসি পরীক্ষার্থী ৮৯ হাজার ৪২১ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১২ হাজার ৭৯৮ জন। এর আগের বছর ২০২৪ সালে পরীক্ষার্থী কমেছিল ৬ হাজার ৮৫৪জন।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে, সারাদেশের ন্যায় আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেটের চারটি জেলার ২২৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমদিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বোর্ডের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এবছর সিলেট বোর্ডের অধীনে ৯৭৩টি প্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তারমধ্যে ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী এবং ৩৫ হাজার ৫৩০ জন ছাত্র।

এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে সিলেট জেলায়| মোট ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী জেলা থেকে অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন। জেলায় ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৯৪টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন। এ জেলায় ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবং কেন্দ্র রয়েছে ৩৭টি।

সুনামগঞ্জ জেলায় পরীক্ষার্থী ১৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন। এখানে ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৫টি কেন্দ্র রয়েছে।

হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন। জেলায় ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৯টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

এদিকে, এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে মানবিক বিভাগে। এ বিভাগে মোট ৫৮ হাজার ৩২ জন পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক বিভাগে সিলেটে ২১ হাজার ৫০৯ জন, মৌলভীবাজারে ১২ হাজার ২৫৩ জন, সুনামগঞ্জে ১৩ হাজার ৯৪৭ জন এবং হবিগঞ্জে ১০ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, এবার সিলেট বোর্ডের অধীনে ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।

পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সিলেটে বিদেশমুখী প্রবণতার কারণে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। মেয়েদের বিদেশে যাওয়ার প্রবণতা কম, তাই মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।