বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে সোমবার (৯ মার্চ) সাভারে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার রেডিও কলোনিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে জেলা আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম এবং জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম।
বক্তারা এসময় বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দেশের চলমান পরিস্থিতি, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মতবিনিময় সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক প্রভাব ফেলে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো: আফজাল হোসাইন বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া প্রয়োজন।
সাংবাদিকদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
পরে উপস্থিত সাংবাদিকদের সাথে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



