শাহরাস্তিতে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত

এ বিষয়ে শাহরাস্তি থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Location :

Shahrasti

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর বাংলা বাজার সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় মো: রবিউল আলম খোকন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত দুইজন আহত হয়েছেন।

রোববার স্থানীয়রা জানান, এদিন সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন রবিউল আলম খোকন। এ সময় একটি সিএনজিকে থামানোর জন্য তিনি হাতে সংকেত দিলে গাড়িটি তার থেকে কিছুটা সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের সামনের অংশের নিচে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে তাকে গুরুতর অবস্থায় গাড়ির নিচ থেকে বের করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

নিহত রবিউল আলম খোকন দোয়াভাঙ্গা জাহাঙ্গীর হোটেলের পাশের ‘মালিয়া অ্যান্ড মুহাত ফ্যাশন হাউজ’র মালিক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মেহেদী হাসান বলেন, আমি যাত্রী নামানো ও ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিলাম। এক যাত্রী ভাড়া দেয়ার পর আমি টাকা ফেরত দিচ্ছিলাম। হঠাৎ পেছন দিক থেকে বালুবাহী গাড়িটি এসে আমার সিএনজিকে ধাক্কা দেয়। পরে দেখি খোকন মিয়া গাড়ির নিচে পড়ে আছেন।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় তারও বুকের ওপরের অংশে সামান্য আঘাত লেগেছে। এ ছাড়া আহত আরো একজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।