মুন্সীগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত, চালক আটক

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলই-আড়িয়ল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে।

Location :

Tongibari

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় আলুভর্তি ট্রাকের চাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলই-আড়িয়ল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নিজ বাড়ির পাশের সড়কের ধারে দাঁড়িয়ে ছিল সিয়াম। এ সময় আড়িয়ল এলাকা থেকে বলইয়ের দিকে আসা আলুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়দের দাবি, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং চালককে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক চালক মো. রমজান (২৯) টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কদ্দুস বেপারীর ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি ট্রাকটি জব্দ করেছে।