দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৫) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিমুল দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি দল জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ শিমুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ২৪ ইঞ্চি চাপাতি উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন, মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে শিমুলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কও ছিল বলে জানান তারা।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, ‘অস্ত্রবাজ, চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।’
তিনি জানান, শিমুলের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



