কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী রুমা বেগম (৩৬) ও মর্জিনা বেগম (৫০) নামে দুই নারী আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহব্বত খাঁ বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে। তার পরিবারে তিন সন্তান ও এক স্ত্রী আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম বাড়ির সামনে ধান শুকাচ্ছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠলে বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তূপ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে মহব্বত খাঁ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যান। এ বজ্রপাতে তার স্ত্রী রুমা বেগম ও মর্জিনা বেগম নামে দুই নারী আহত হন। আহত দুই নারীকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বজ্রপাতে রুমা বেগমের ডান হাত ও মর্জিনা বেগমের দুই পা দগ্ধ হয়েছে।



