চট্টগ্রামের মিরসরাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলীয় নেতাকর্মী ও বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপালনকারীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় তিনি কড়া নির্দেশ দিয়ে বলেন, ‘ব্যক্তিগত অফিসে আমার টাঙ্গানো ছবি নামিয়ে ফেলতে হবে।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বারইয়ারহাট নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি বিজয়ী হলেও ভোটের ব্যবধান আরো বেশী হওয়ার কথা ছিল। কেনো কম হয়েছে সেটা বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। মিরসরাইয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে কোনো গ্রুপিং থাকবে না। আমরা সবাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গ্রুপ করবো। ৫ আগস্টের পর ব্যক্তিগত অফিসের নাম দিয়ে যারা বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজারে দোকান খুলে বসেছেন তা বন্ধ করতে হবে। নির্বাচনী প্রচারণায় গিয়ে অনেকের অফিসে আমার ছবি দেখেছি। কারো অফিসে আমার ছবি রাখবেন না। আমার ছবি দিয়ে আপনাদের দোকানদারি বন্ধ করুন। আমি কারো থেকে কমিশন নেই-না। আপনাদের অপকর্মের দায় আমি নেব না। ব্যক্তিগত অফিস যদি বন্ধ না করেন তাহলে নেতৃবৃন্দ গিয়ে তা বন্ধ করে দেবে। দলীয় অফিসে শুধুমাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকবে।’
নির্বাচন পরবর্তী কর্মসূচী নিয়ে তিনি বলেন, ‘মিরসরাইকে আমি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস-চাঁদাবাজি কেউ করতে পারবে না। মাদক, সন্ত্রাস-চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো উপজেলাবাসী আমাদের পক্ষ হয়ে যাবে। সিনিয়র নেতৃবৃন্দকে এ বিষয়ে কাজ শুরু করতে হবে। আমি আইনশৃঙ্খলাবাহিনীকে বলবো; মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করতে আপনারা আমাদের সহায়তা করুন।’
নির্বাচনের বিষয়ে নুরুল আমিন বলেন, ‘সমাজে একটি গুজব রটানো হয়েছিল বিএনপি ক্ষমতায় আসলে কেউ বাড়ি ঘরে থাকতে পারবে না। অথচ নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়ে মিরসরাইসহ সারাদেশে কোনো সহিংসতা, মারামারির ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় এসেছে বিধায় এমনটি সম্ভব হয়েছে। অতীতে নির্বাচন পরবর্তী অনেক সংঘর্ষ আর সহিংসতার ঘটনা ঘটেছিল।’
উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর উপস্থাপনায় আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি আসন থেকে নবনির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য সরোয়ার আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচনী চিফ এজেন্ট দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা আ ক ম জান্নাতুল করিম খোকন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা লায়ন তাহের আহম্মদ, ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সদস্য শাহিনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



