নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের চাকার সাথে ওড়না পেঁচিয়ে মহাসড়কে ছিটকে পড়ে আন্নী খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একইদিন সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সূতির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণী আন্নী খাতুন বড়াইগ্রাম থানার মোড় এলাকার পান বিক্রেতা আকরাম হোসেনের মেয়ে এবং জেলার গুরুদাসপুর উপজেলার ধানুড়া গ্রামের ট্রাকচালক শাকিল আহমেদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে আন্নী খাতুন তার পরিচিত এক সেনাসদস্যের মোটরসাকেলে চেপে বনপাড়া যাচ্ছিলেন। পথে আগ্রান সূতিরপাড় এলাকায় মেয়েটির ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তারা দু’জনেই মহাসড়কে ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত লেগে আন্নী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আন্নীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



