১৫০ কেন্দ্রে ভোটার সাড়ে ৪ লাখ

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচন

বিএনপি চেয়ারম্যানও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রচারণায় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রচারণায় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারম্যানও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ১৫০টি কেন্দ্রে ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার ভোট দেবেন।

এর মধ্যে বগুড়া পৌর এলাকায় ২ লাখ ৬৯ হাজার ৫৪জন ও সদর উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৪ হাজার ৯৮৯ জন ভোটার রয়েছেন।

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে পোস্টাল ব্যালট ভোট কেন্দ্র চালু করা হয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে দেশে বিদেশে অবস্থানকারীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার দিকে বাকস খোলা হবে।

গত ১২ ফেব্রুয়ারির ওই নির্বাচনে বিএনপি প্রার্থী তারেক রহমান ভোট পান ২ লাখ ১৬ হাজার এবং জামায়াত প্রার্থী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট এবং প্রদত্ত ভোটের শতকরা হার ৭২ ভাগ।

আসন্ন উপনির্বাচনে ভোটার উপস্থিতি ৪০ ভাগের বেশী না হওয়ার আশঙ্কা করছেন প্রার্থীরা। সে ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ ভোট পেলে নির্বাচিত হওয়ার আশা করা হচ্ছে। তাই অনেকে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দিতার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে প্রচারের শেষ দিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের প্রার্থীরা দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রচারণা জমে উঠলেও ভোটারদের কেন্দ্রে যেতে আগ্রহ কম। ফলে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছেন সবাই।

বিএনপি

বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সকাল থেকে রাত পর্যন্ত দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। উপনির্বাচনে এবার লক্ষণীয় বিএনপি একটি বিশেষ দল ও সম্প্রদায়ের ভোট টানতে মরিয়া হয়ে কাজ করছে। এ দুটি অংশের অনেকে ধানের শীষের পক্ষে প্রকাশ্যে ও গোপনে গণসংযোগেও অংশ নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিএনপি প্রার্থী শুক্রবার শহরের ৫নম্বর ওয়ার্ডের বগুড়াপাড়ায় নির্বাচনী সভায় বক্তব্য দেন।

এসময় তিনি বগুড়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ১৮ নম্বর ওয়ার্ডে শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়।

আরো যারা নির্বাচনী প্রচারণায় তৎপর রয়েছেন তারা হলেন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।

জামায়াত

প্রচন্ড গরম উপেক্ষা করে বগুড়া শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা বিজয়ী করতে শুক্রবার সকালে বগুড়া শহরের ১২নম্বর ওয়ার্ডের কলোনী বাজার, লতিফপুর, চক ফরিদ, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, ঠনঠনিয়া ব্যাংক পাড়া, ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ করেন।

তিনি এ সময় কলোনীতে এক পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তিনি বলেন, সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বগুড়া শহর গড়তে জনগণ দাঁড়িপাল্লাকে বেঁছে বেছে নিবে। জুমার নামাজ পর আবিদুর রহমান সোহেল নিজ এলাকা ৮ নম্বর ওয়ার্ডের মালগ্রাম, সবুজবাগ, জামিলনগর এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ৮নম্বর ওয়ার্ড আমির মাহবুবুর রহমান, ডা: মুনছুর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম সোহেল, জামায়াত নেতা নুর মোহাম্মাদ, গোলাম রব্বানী, আব্দুল হাকিম, মাওলানা নাছরুল্লাহ, শ্রমিক নেতা আলিফ মাহমুদ, শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ১২ নম্বর ওয়ার্ড আমির মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সাব্বির শাহরিয়ার শুভ, জুলফিকার আলী বাবু, জামায়াত নেতা মতিউর রহমান, আবু সুফিয়ান পলাশ প্রমুখ।

পরে আজিজুল হক কলেজের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জীবন বিলিয়ে দিবো। শিক্ষার্থী ও যুবকদের হাতে মাদক নয়, কাজ তুলে দেবে। একই সাথে তিনি জুলাই সনদ নিয়ে কোন ধরনের তালবাহানা না করে দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান।