সিলেটে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ। অপর পাঁচজন হলেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত মামুনুর রশীদ মামুন ওরফে চাকসু মামুনের পক্ষে কাজ করছিলেন।
উল্লেখ্য, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে আসন সমঝোতার ভিত্তিতে তারা এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলনা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন জানিয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।



