টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে মজুদ করা ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে প্রশাসন।
শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার ভারই গ্রামের সবুজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে এ পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজকে আসামি করে ভূঞাপুর থানায় একটি নিয়মিত মামলা হয়।
এদিকে জ্বালানি তেল সরবরাহে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় গাবসারা এলাকার ডিলার নাসিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারই এলাকায় অভিযান চালিয়ে ঘরের ভিতর বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে জ্বালানি সরবরাহকালে নাসির নামে এক ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



