ময়মনসিংহের পাগলা থানায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—এমন অভিযোগ তুলে ভিকটিম পরিবার নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে। একই সাথে মামলাটি তুলে নিতে হুমকি ও চাপ দেয়ার অভিযোগও করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিকটিমের বড় বোন এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, গত বছরের ২১ ডিসেম্বর পাগলা থানার ডুবাইল এলাকায় স্থানীয় যুবদল নেতা মোশাররফ হোসেন মানিকের নেতৃত্বে তার বোন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অনীহা দেখায় বলে দাবি করেন তিনি। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর গত ৭ মার্চ পাগলা থানায় মামলাটি দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর প্রধান আসামিকে গ্রেফতার করা হলেও অন্য আসামিরা এখনো পলাতক এবং প্রকাশ্যে চলাফেরা করছে।
ভিকটিম পরিবারের দাবি, মামলার পর থেকেই পলাতক আসামি ও তাদের সহযোগীরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তাদের বাড়িতে অবস্থান ও চলাচলেও বাধা দেয়া হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ পরিস্থিতিতে ভিকটিম শিক্ষার্থীর স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে তার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ভিকটিম পরিবারের নিরাপত্তা হুমকির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, তবে এখনো তাদের আটক করা সম্ভব হয়নি।



