মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা শপথ গ্রহণ শেষে এলাকায় ফিরলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় মধুখালী উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মধুখালী উপজেলার গাজনা ও রায়পুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা সাধারণ সম্পাদক নওশের চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি রাজিবুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমির আলী শিকদার, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি ইমরান খানসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন, ফরিদপুর-১ আসনে আগে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তবে এখনও অনেক কিছু বাকি রয়েছে। সাধারণ জনগণের সম্পদ রক্ষা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে আরো কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। আমরা খেটে খাওয়া মানুষ—রিকশাচালক, কৃষি শ্রমিকসহ নিম্নআয়ের মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে কাজ করব, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দেয়াই হবে আমার প্রধান লক্ষ্য।



