চুয়াডাঙ্গা শহরের ব্যস্ততম বড়বাজার চৌরাস্তার মোড়ে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভা।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুর রব শিবলু এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাজার চৌরাস্তার মোড় এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সরকারি জমি দখল করে ছোট-বড় বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এর ফলে প্রধান সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এছাড়া ওই এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকে। জনগণের ভোগান্তি নিরসনে প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানে অর্ধশত অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে স্থাপনাগুলো পৌরসভার ট্রাক দিয়ে সরিয়ে নেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুর রব শিবলু জানান, জনদুর্ভোগ লাঘব ও শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি জমি থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে ভবিষ্যতে সরকারি জায়গা দখল না করার জন্য ব্যবসায়ী ও সর্বসাধারণকে সতর্ক করে দেয়া হয়।



