রাঙামাটির লংগদুতে পাহাড়ের দুর্গম জনপদে মাতৃত্বকে নিরাপদ করতে নিরলস সেবা দিয়ে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন নার্স রেশমা আক্তার। কর্মজীবনের শততম নিরাপদ নরমাল ডেলিভারি সম্পন্ন করে তিনি এ সাফল্য অর্জন করেন ।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ জুলাই লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতির সফল প্রসব করানোর মাধ্যমে শততম নিরাপদ ডেলিভারির মাইল ফলক স্পর্শ করেন রেশমা। পাহাড়ের প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মাঝে তার এ নিষ্ঠা ও আন্তরিক সেবার প্রশংসা করছেন সহকর্মী ও এলাকাবাসী।
রেশমা আক্তারের বাড়ি লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক গ্রামে। তিনি ২০০৯ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং ২০১১ সালে লংগদু সরকারি মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ২০১২ সালে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করেন। ২০২১ সালে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে নিজ জন্মভূমির মানুষের সেবায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়ে আসেন।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ী অঞ্চলে প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করা ও প্রসূতি মায়ের সুস্থতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। নার্স রেশমা আক্তারের এ দায়িত্বশীলতা ও মানবিক সেবা ওই অঞ্চলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



