‘গণভোট মাইনা নে, নইলে গদি ছাইরা দে’ স্লোগানে রংপুরে ১১ দলীয় জোটের গণমিছিল থেকে বিরোধীদলীয় এমপিরা দুর্বার আন্দোলন গড়ে উঠার আগেই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
শনিবার (৪ জুলাই) সন্ধায় রংপুরে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে এই দাবি জানান এমপিরা।
এর আগে, জুলাই চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে নড়র ভবন, জিলা পরিষদ সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর, দাবানল মোড়, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলায় গিয়ে শেষ হয়।
গণমিছিলে ‘গণভোট মাইনা নে, নইলে গদি ছাউড়া দে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘অবিলম্বে জুলাই সনদ, বাস্তবায়ন করতে হবে’, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর, করতে হবে’-সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় দাবি সম্বলিত বিভিন্ন ফেস্টুনও প্রদর্শন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম, মহানগর জামায়াত আমির এ টি এম আজম খান, জেলা এনসিপি আহ্বায়ক আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা প্রমুখ।
এ সময় রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী বলেন, ‘কোনো সরকারই দাবি মানতে চায় না, একপর্যায়ে দাবি মানতে বাধ্য হয়। আমরা আশা করি জনগণ রাজপথে জোরালোভাবে নামার আগেই বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে অক্ষরে অক্ষরে। আমরা আশা করি তারা গণভোটের রায়কে মেনে নিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’
তিনি আরো বলেন, ‘এই বিশ্বাস আমরা করি, দুর্বার আন্দোলন করার আগেই সরকার দাবি মেনে নেবে। সেই আস্থা ও বিশ্বাস রেখেই আমি সরকারকে বলতে চাই, জনগণের পালস বুঝুন। অতীতে কোনো সরকারই জনগণের পালস বুঝতে চায়নি। আপনারা সেই পালস বুঝে পদক্ষেপ নিন। কারণ জনগণ মাঠে নামলে জনগণ বাধ্য করায়। সেই অনুভূতি কাজে লাগিয়ে আপনারা অতি দ্রুত গণভোটের রায়কে মেনে নিন।’
প্রধান অতিথির বক্তব্যে রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ আজকে আমরা গড়তে পারছি না। আশা ছিল বর্তমান নির্বাচিত সরকার জুলাইযোদ্ধাদের স্বপ্ন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। বিশেষ করে গণভোটে বিজয়ী ‘হ্যাঁ’ ভোট অনুযায়ী সরকার কাজ চালাবেন। কিন্তু সেটা তারা অস্বীকার করেছেন। তারা গণভোটের পক্ষে শপথ গ্রহণ করেন নাই।’
তিনি আরো বলেন, ‘মোটামুটি তারা দেশে একদলীয় শাসন কায়েম করেছেন। তারা দখলদারিত্ব কায়েম করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, জেলা পরিষদে, সিটি করপোরেশনে। বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, ভিসি সবখানেই তারা দলীয়করণ করেছেন। এতে জনগণের দুর্ভোগ বাড়ছে।’
এমপি বেলাল আরো বলেন, ‘আমরা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। বৈষম্য দূর করার জন্য আমরা যথাযথ বাজেট চাই এবং সুষম উন্নয়ন চাই। জনগণের দুর্ভোগ দূর করার জন্য, সংস্কার বাস্তবায়ন করার জন্য, সর্বোপরি জুলাই শহীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এই গণমিছিলের আয়োজন করেছি।’



