কিশোরগঞ্জের হোসেনপুর ও পাশের ময়মনসিংহের নান্দাইল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মহিলাসহ প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) বিকেলে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে রাস্তায় একটি অটোরিকশায় অজ্ঞাতনামা প্রতারক চক্রের সদস্যরা স্বর্ণ সাদৃশ্য বস্তু দেখিয়ে এক মহিলাকে প্রতারণার চেষ্টাকালে পথচারীরা ওই প্রতারক চক্রের ২ সদস্য মো: হানিফ মিয়া (৩২) ও মো: মাসুম মিয়াকে (২৮) আটক করে।
এরই ধারাবাহিকতায় হোসেনপুর থানা পুলিশ তাদের ব্যবহৃত অটোরিকশা ও স্বর্ণ সাদৃশ্য বস্তুটি জব্দ করেন।
পরে ওই দুই আসামিকে জিজ্ঞাসাবাদকালে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রোববার (১৪ জুন) বিকেলে হোসেনপুর ও পাশের নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের আরো ৬ সদস্যকে গ্রেফতার করে হোসেনপুর থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো: আব্দুল মালেক (৩৮), মোছা: সুবর্না আক্তার (২৫), হৃদয় হাসান মিয়া (২৮), মো: জাকারিয়া (৩৪), তাসলিমা আক্তার (২৩), নাসিমা আক্তার (৩২), মো: হানিফ মিয়া (৩২) ও মো: মাসুম মিয়া (২৮)।
তারা সকলেই সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে হোসেনপুর ও আশপাশের এলাকায় চেতনানাশক ওষুধ ও স্বর্ণ সাদৃশ্য চকচকে বস্তু দিয়ে সহজ সরল মহিলাদের প্রতারণা করে আসছিল।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন। তাই এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে ৷



