হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ডুবাই বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাদের লাশ হবিগঞ্জ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাই বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। এছাড়া লাকি পরিবহনের বাসচালকসহ উভয়বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত বাস দু’টি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতদের পরিচয় নিশ্চিতকরণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’



