বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু

বৃদ্ধ শাহ আলী দীর্ঘদিন ধরে নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং চোখেও ঝাপসা দেখতেন। চিকিৎসার জন্য তার ঘরেই বিভিন্ন ওষুধ রাখা থাকত। ঘটনার দিন বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি ভুলবশত ওষুধের বোতলের বদলে পাশে থাকা কীটনাশকের বোতল তুলে নিয়ে পান করেন।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু
ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু |প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে ভুলবশত ওষুধ মনে করে কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ শাহ আলী কুশলনগর উত্তরপাড়া গ্রামের মরহুম সৈয়দ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধ শাহ আলী দীর্ঘদিন ধরে নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং চোখেও ঝাপসা দেখতেন। চিকিৎসার জন্য তার ঘরেই বিভিন্ন ওষুধ রাখা থাকত। ঘটনার দিন বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি ভুলবশত ওষুধের বোতলের বদলে পাশে থাকা কীটনাশকের বোতল তুলে নিয়ে পান করেন।

কিছুক্ষণ পর তার স্ত্রী ঘরে ফিরে শাহ আলীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং তার মুখ দিয়ে ফেনা উঠতে দেখেন। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া জানান, পরিবারের সাথে তার কোনো কলহ বা বিবাদ ছিল না। বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।