মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তরে ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ফরহাদ হোসেনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) মতলব উত্তর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই দুপুর দেড়টার দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকায় নাছির মৃধার ইটভাটার শ্রমিকদের থাকার কক্ষে ভুক্তভোগী শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফরহাদ হোসেন চর লক্ষ্মীপুর (মোল্লাবাড়ি) এলাকার আজাদের ছেলে।
মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ও মাধব চন্দ্র নাথসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। বিশেষ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।



