নুরুল হক নুর বলেছেন, ‘গলাচিপার মানুষের যে জোয়ার আমরা দেখছি আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, বিজয়ের পরে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবেন এটাই আমাদের অঙ্গীকার।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুরের নির্বাচনী প্রচারণার শেষ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন নুরুল হক নুর।
তিনি আরো বলেন, ‘বাস্তবতা হলো পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন কিংবা জামায়াতে ইসলামীর এককভাবে বিজয়ের মতো ভোট এখনো গড়ে ওঠেনি। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, যিনি একসময় বিএনপির নেতা ছিলেন, বর্তমানে বহিষ্কৃত। এই বাস্তবতায় যদি আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে এই এলাকার জন্য দুর্ভোগ ছাড়া কিছুই অপেক্ষা করছে না।’
নুর বলেন, ‘সবচেয়ে কম বয়সী তরুণ জনপ্রতিনিধি প্রার্থীদের একজন হিসেবে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের সন্তান হিসেবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সবার কাছে যেতে পারিনি, সব বাজারে ঘুরতে পারিনি, সবাইকে ফোনও দিতে পারিনি। অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন সংসদ সদস্য প্রার্থী নিজে এসে ঘরে ঘরে কথা বলবেন, কাজ করার আহ্বান জানাবেন। সেটি সম্ভব হয়নি—আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি। আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন। আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমরা পরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করতে চাই, যেন মানুষ স্বস্তি ও নিরাপত্তার সাথে চলাচল করতে পারে। চর ও দুর্গম এলাকায় রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলেও উপযুক্ত ডাক্তার পাওয়া যায় না। দুই উপজেলার উপজেলা হাসপাতাল আধুনিক করে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। কৃষক যেন ভয়হীনভাবে তরমুজসহ ফসল চাষ করতে পারে, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, আধুনিক কৃষি উপকরণ ও সরকারি সুবিধা পায় সে ব্যবস্থাই আমরা করব। জেলে ও মৎস্যচাষীরা যেন হয়রানী ছাড়াই নিরাপদ পরিবেশে কাজ করতে পারে সেটা নিশ্চিত করব।’
নুর বলেন, ‘আমি নিজে ঝড়-বৃষ্টি, অভাব-অনটনের মধ্য দিয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং পরে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই বলতে চাই এই অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। এছাড়া তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। বেকারত্ব দূর করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।’
নুর বলেন, ‘আমি বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। কেউ যদি আপনাদের দিকে বাঁকা চোখে তাকায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। আজ আপনাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এই জনপদকে ঘুরে দাঁড় করানোর। তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা এই অঞ্চলকে উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায়ের উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।’
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক।



