পটুয়াখালীর কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ভোট গ্রহণের সরঞ্জাম

জেলার ৫১৩ ভোটকেন্দ্রে স্থাপিত দুই হাজার ৫৩৬টি কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
ব্যালট পেপারসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম
ব্যালট পেপারসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম |নয়া দিগন্ত

পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। জেলার ৫১৩ ভোটকেন্দ্রে স্থাপিত দুই হাজার ৫৩৬টি কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলার আটটি উপজেলা পরিষদ কার্যালয় থেকে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ও বাক্স, সিল, ভোটার তালিকাসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ নয় হাজার ৫৮৭ জন। নির্বাচনে পটুয়াখালী-১ আসনে পাঁচজন, পটুয়াখালী-২ আসনে চারজন, পটুয়াখালী-৩ আসনে চারজন এবং পটুয়াখালী-৪ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী মাঠে মোতায়েন রয়েছে ২৬ প্লাটুন সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি, ছয়টি র‍্যাব টিম, বিপুলসংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দেড় হাজার পুলিশ সদস্য এবং ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে।