মাদারীপুরের রাজৈরে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাসির ছেলে রিমান খালাসি তার বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। এ সময় উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর বিষয়ে প্রতিবাদ করেন আজিজুল রহমান হাওলাদার রাহিমের ছেলে কুসু ও তার লোকজন। এ সময় কুসু ও রিমানের সাথে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ইয়ার আলী, সজিব হোসেন ও আক্কাসসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইয়ার আলী ও সজিব হোসেন নামে দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



