বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিদেশী পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানের নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের অধীন ৮৮ পদাতিক বিগ্রেড।
রোববার বেলা ১১টায় বাঘারপাড়া ডিগ্রী কলেজে অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পে এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করা হয়।
ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান জানান, বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে রায়হানের (২৭) বাড়ি থেকে অভিযান চলাকালে দশটি টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, চারটি বিদেশী পিস্তল, সাতটি ম্যাগজিন, ৩৯ রাউন্ড গুলি, নয়টি ধারালো অস্ত্র, একাধিক মোবাইল ফোন, সিমকার্ড, সিসিটিভি ক্যামেরা, দুটি ওয়াকিটকি সেট, পটকাবাজি ও ধাতব মুদ্রা উদ্ধার হয়। তবে রায়হানকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানের এক পর্যায়ে তল্লাশী চলাকালে একটি ট্রাংকের ভেতর দশটি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা পাওয়া যায়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড সদৃশ বস্তগুলোকে উচ্চ বিষ্ফোরক বোমা হিসাবে চিহ্নিত করে। এরপর সেগুলো নিরাপদ স্থানে বিষ্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। শ্বাসরুদ্ধকার এ অভিযানটি আট ঘণ্টারও অধিক সময় ধরে পরিচালিত হয়।
যৌথবাহিনী ধারণা করছে নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনায় ছিলো।
বাঘারপাড়া থানার ওসি মাহামুদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। পালাতক রায়হান ও এর সাথে সংশ্লিষ্টদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।



