সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছাইদার রহমানকে (৫৭) গ্রেফতার করা হয়েছে।

শামীম সরদার, সাদুল্লাপুর (গাইবান্ধা)

Location :

Gaibandha
গ্রেফতার ইউপি সদস্য ছাইদার রহমান
গ্রেফতার ইউপি সদস্য ছাইদার রহমান |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছাইদার রহমানকে (৫৭) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মরহুম আজিম উদ্দিনের ছেলে।

অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিয়াগাছা ভবানীপুর গ্রামের ছাইদার রহমানের ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একইসাথে অভিযুক্ত ছাইদার রহমানকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক জানান, ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।