দিনাজপুর শিক্ষা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের পর অনেক শিক্ষার্থীর ফলাফলে বড় পরিবর্তন এসেছে। পুনর্নিরীক্ষণে নতুন করে ৮৬৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সাথে ২৭৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৩৭ হাজার ২৯৬ জন শিক্ষার্থী।
আবেদনগুলোর পর মোট ৮৯ হাজার ২৮৬টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ৩ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীর গ্রেড এবং ৫ হাজার ৬৩৬ জনের নম্বর পরিবর্তন হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ফলাফলে বড় ধরনের পরিবর্তন আসে। ৮৬৭ জন ফেল থেকে পাস করায় তাদের উচ্চশিক্ষায় ভর্তি ও পরবর্তী শিক্ষাজীবনের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া ২৭৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।



