খুলনার ডুমুরিয়ায় ফজরের নামাজে আজান দিতে মসজিদে যাওয়ার পথে কারিমুল ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার সাহস ইউনিয়নের ঘোষগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মুয়াজ্জিন কারিমুল ইসলাম উপজেলার ঘোষগাতী গ্রামের আবুল কাসেমের ছেলে।
জানা যায়, মসজিদে আসতে দেরি হচ্ছে দেখে ইমাম আব্দুল্লাহ সরদার মুয়াজ্জিন কারিমুলকে তার বাড়িতে খুঁজতে রওয়ানা দেন। পথে একটি পুকুরপাড়ে তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে উদ্ধার করে আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে রাতে একটি দুর্বৃত্ত দলের সাথে মুয়াজ্জিন কারিমুলের দেখা হয়ে যায়। দুর্বৃত্তদের চিনতে পারায় তাকে হত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। আহত মুয়াজ্জিন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



