বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষক নন, তারা সমাজেরও শিক্ষক। সমাজের মানুষ মূলত দুই শ্রেণির মানুষকে অনুসরণ করে— একজন শিক্ষক, অন্যজন আলেম-ওলামা।’
তিনি বলেন, ‘তাই আপনাদের কাছ থেকে শিক্ষার্থীরা যেমন জ্ঞান অর্জন করে, তেমনি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধও শেখে। শিক্ষকরা যদি নিজেদের অবস্থান থেকে নৈতিক শিক্ষার চর্চা ও প্রসার ঘটান, তাহলে সমাজ ও দেশ উভয়ই উপকৃত হবে।’
রোববার (১৯ জুলাই) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত শিক্ষকদের সাথে মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করাও সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। নৈতিক মূল্যবোধের অভাবেই সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, মাদকাসক্তিসহ নানা সামাজিক অবক্ষয় বিস্তার লাভ করছে। একটি আদর্শ সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনে শিক্ষকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
বর্তমান সামাজিক বাস্তবতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘নৈতিক অবক্ষয়ের কারণেই সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ বেড়ে চলেছে। এসব সমস্যা দূর করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরে ৩৫ কোটি টাকা খেয়েছেন। একজন মানুষ যদি শুধু টাকা চিবিয়ে খান, তবুও এত টাকা খাওয়া সম্ভব নয়। নৈতিকভাবে কতটা অবক্ষয় হলে একটি মানুষ এমন কর্মকাণ্ডে জড়াতে পারে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সদস্য সচিব মো: আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো: আব্দুল বারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জনকারী বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো: রকিবুল হাসান ও নৃত্যকলায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী রাজশ্রী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায়কে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়।
এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে পাঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কে এম রহমাতুল্লাহ বারী, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও ২০২৩ সালের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো: ফয়জুল আরাফাত, ২০২৩ সালের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র রঞ্জন রায়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (নারী) হিসেবে ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসা: মাহমুদা খাতুন এবং ২০২৬ সালের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে মো: মোস্তাফিজুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।



