কুয়াকাটায় ঈদের আমেজে পর্যটকদের উপচে পড়া ভিড়

এবার ঈদের ছুটিতে পরিবারসহ কুয়াকাটা বেড়াতে এসে ভালোই লেগেছে, এখানকার পরিবেশ অনেক ভালো, পরবর্তীতে সুযোগ পেলে আবার এখানে বেড়াতে আসব।

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় |নয়া দিগন্ত

পটুয়াখালীর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে পর্যটকের ব্যাপক সমাগমে মুখর হয়ে উঠেছে পুরো সমুদ্রসৈকত এলাকা। গত দুই দিনের তুলনায় আজ পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, ফলে সৈকতের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকাগুলো পরিণত হয়েছে জনসমুদ্রে।

সৈকতের বালিয়াড়ীতে পর্যটকদের প্রাণচাঞ্চল্য আর উচ্ছ্বাসে ভরে উঠেছে পরিবেশ। কেউ সমুদ্রের ঢেউয়ের সাথে খেলায় মেতে উঠেছেন, আবার কেউ নিরিবিলি বসে উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। অনেকেই প্রিয়জনদের সাথে স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। শিশুদের দেখা গেছে বালু নিয়ে নানা খেলায় ব্যস্ত সময় কাটাতে।

পর্যটকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন স্পটেও বেড়েছে ভিড়। মোটরবাইক, ওয়াটারবাইক ও ঘোড়ায় চড়ে অনেকে ঘুরে দেখছেন লেম্বুরবন, শুটকি পল্লী ও গঙ্গামতিসহ আশপাশের দর্শনীয় স্থানগুলো।

অতিরিক্ত পর্যটকের আগমনে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং থাকায় অনেক পর্যটককে বিকল্প আবাসনের খোঁজ করতে হচ্ছে।

ঢাকা থেকে আসা মাসুদ দম্পতি বলেন, এবার ঈদের ছুটিতে পরিবারসহ কুয়াকাটা বেড়াতে এসে ভালোই লেগেছে, এখানকার পরিবেশ অনেক ভালো, পরবর্তীতে সুযোগ পেলে আবার এখানে বেড়াতে আসব।

এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশ সার্বক্ষণিক টহল জোরদার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

সব মিলিয়ে ঈদের আনন্দে কুয়াকাটা এখন এক প্রাণবন্ত ও উৎসবমুখর পর্যটন নগরীতে পরিণত হয়েছে।