মাদারগঞ্জে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

দীর্ঘ আট বছর ধরে ব্রিজটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়।

Location :

Madarganj
ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন
ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ও কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি ব্রিজ অকেজো হয়ে পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রায় আট বছর ধরে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (৩ জুন) দুপুরে ভেলামারী এলাকায় আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে ভেলামারী, মৃধাপাড়া, গুনারীতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির, হাফিজুর রহমান, আজিজুর রহমান, আ: বারী মাস্টার, আরিফ মাস্টার, হাফেজ মাওলানা নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দীর্ঘ আট বছর ধরে ব্রিজটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়।

সহকারী শিক্ষক হুমায়ুন কবির বলেন, ‘একটি ব্রিজের অভাবে হাজার হাজার মানুষ বছরের পর বছর কষ্ট ভোগ করছে। উন্নয়নের এই যুগে এমন দুর্ভোগ মেনে নেয়া যায় না। দ্রুত ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণ করা হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।’

অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির বলেন, ‘জনগণের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্যথায় এলাকাবাসী আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এলাকাবাসীর আশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।