গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আঃ বারেক ফকীর (৫৯) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওম্বলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আঃ বারেক ফকীর ওই গ্রামের মৃত আনছার ফকীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও বারেক ফকীর তার বসতঘরের পেছনে অটোরিকশাটি চার্জে দিয়ে মাঠে যান। পরে বাড়ি ফিরে এসে চার্জার থেকে ধোঁয়া বের হতে দেখেন। আগুন লেগেছে মনে করে তিনি মেইন সুইচ বন্ধ না করেই খালি হাতে দ্রুত চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় বিদ্যুতের তারে তার হাত আটকে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী তাহেরা বেগম ও শ্বশুর শাহাজদ্দিন হাওলাদার জানান, মেইন লাইন বন্ধ না করে চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আঃ বারেকের প্রতিবেশী ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বলেন, সচেতনতার অভাব ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি অটোরিকশা চালকদের এ বিষয়ে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান।



