সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ইউনিয়নের বালুচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মুদি, ফল, মুরগি ও তরকারি বিক্রেতাসহ ৯ ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে ৯টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখা, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয় রশিদ সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি অধিক মূল্যে পণ্য বিক্রির ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।



