রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালকের নাম জাহিদ বিশ্বাস (৪০)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জবানী পাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা জাহিদ বিশ্বাসকে অটোরিকশাসহ ছিনিয়ে নেয়। এরপর তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এরপর আজ শুক্রবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনা মাতবর পাড়া ও নগর রায়ের পাড়া সড়কের চামেলি পার্ক এলাকার একটি গাছের নিচে সড়কের ঢালুতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দুপুর ৩টার দিকে লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার গলায় নাইলনের রশি পেঁচিয়ে হত্যা করার আলামত পাওয়া গেছে।
এ বিষয়ে নিহতের চাচাত ভাই কোরবান বিশ্বাস ও আবির হোসেন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার খাবার খেয়ে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় জাহিদ। এরপর আজ সকালেও সে বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি করছিলাম। এরপর জানতে পারি তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



