কুমিল্লায় মাদক সিন্ডিকেট ভেঙে দিতে গণপূর্তমন্ত্রীর অভিযানের ঘোষণা

কুমিল্লাকে মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে জাকারিয়া তাহের সুমন বলেন, সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক কুমিল্লায় প্রবেশ করছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও মাদক কারবারিরা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। মাদক সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসন বদ্ধপরিকর।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla

আগামী ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেয়া হবে না। একই সাথে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী র‌্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না; একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় বাড়ায়। তাই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

কুমিল্লাকে মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে জাকারিয়া তাহের সুমন বলেন, সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক কুমিল্লায় প্রবেশ করছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও মাদক কারবারিরা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। মাদক সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসন বদ্ধপরিকর।

কুমিল্লায় কোনো মাদক কারবারিকে আশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। অভিযান আরো কার্যকর করতে প্রতিটি থানায় একটি করে তথ্যবাক্স স্থাপন করা হবে। এসব বাক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিষয়ে তথ্য দেয়া যাবে।

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান—এমন ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সঠিক পথে ফিরে আসবেন—এটাই প্রত্যাশা।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

সমাবেশে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের ‘মাদককে না বলি’ স্লোগানে শপথবাক্য পাঠ করান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।