পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজ উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। কৃষিবিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রোববার (২৩ আগস্ট) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে এ্যাবের পাঁচ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সময়েই পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। খাদ্য উৎপাদন বাড়াতে তিনি খাল খননের পাশাপাশি বৃক্ষরোপণেও গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
উদ্বোধনী আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা বারি প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন।
এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপি, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: মঞ্জুরুল কাদির এবং ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম।



