গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। পরে প্রায় তিন ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন
ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন |নয়া দিগন্ত

গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। পরে প্রায় তিন ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

শনিবার (২ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায় জামালপুর কমিউটার ট্রেনটি।

এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনটির একটি লাইন ব্লক হয়ে যায়। তবে বিকল্প অন্য লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক ছিল।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো: মোস্তফা কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে সকাল ৮টা ৫০ মিনিটে পৌঁছে। পরে ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।

তিনি আরো জানান, ট্রেনের কর্তব্যরত চালক, পরিচালক ও রেলওয়ের স্টাফরা প্রায় তিন ঘণ্টার অধিক সময় চেষ্টা করেও ইঞ্জিনের ত্রুটি ঠিক করতে পারেননি। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে গফরগাঁও পৌঁছে দুপুর ১২টা ৪ মিনিটে কমিউটার ট্রেনটি নিয়ে ঢাকা কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।