নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নাঈম মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ওই এলাকার কয়েক শ’ নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে নাঈম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক করিম রহমান, নিহত নাঈমের ভাই নাইমুল ইসলাম, নাসিমুল ইসলাম, বোন কনা ও রেখা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের আব্দুল হেকিমের ছেলে মো: নাঈম মিয়াকে গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মোবাইলফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় নাঈমের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁও থানায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে কসাইয়ের মতো কুপিয়ে হত্যা করা হয়েছে। সে কারো ক্ষতি করেনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছি।’
মানববন্ধনে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘পুলিশ একজনকে গ্রেফতার করলেও মূল হোতারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে চার্জশিট দাখিলের দাবি জানাচ্ছি।’
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খাঁন জানান, নাঈম হত্যকাণ্ডের ঘটনায় আবুল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানোর পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।



