মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যু

শিশুটির মা প্রথমে বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি বুঝতে না পেরে আফসানের জ্বর এসেছে মনে করে মাথায় পানি দেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসান হোসেন নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ঈশ্বর লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফসান হোসেন ওই গ্রামের জুয়েল মোল্যার ছেলে।

নিহতের বাবা জুয়েল বলেন, ‘ঘটনার সময় আফসানের মা তাকে বাড়ির ভেতরের গোসলখানার পাশে বসিয়ে রাখেন। সেখানে খেলাধুলা করছিল আফসান। তাদের রুম থেকে গোসলখানার পাশেই থাকা গরুর গোয়ালঘরে বিদ্যুতের সংযোগ দেয়া ছিল। অসাবধানতাবশত একটি টিনের সাথে বিদ্যুতের লাইনের সংযোগ লেগে টিনে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। খেলতে খেলতে শিশুটি হঠাৎ করে ওই টিনে হাত দিলে সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

শিশুটির মা প্রথমে বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি বুঝতে না পেরে আফসানের জ্বর এসেছে মনে করে মাথায় পানি দেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘মৃত শিশুটির পরিবারের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’