যশোর অফিস
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও জনির চার বছরের মেয়ে সেহেরিশ। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
গুরুতর আহতরা হলেন নিহত জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ১০ বছরের ছেলে সামিন আল মাস। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মজিদ সরদার মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক ও তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গার আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকারে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। তবে পথেই শিশু সেহেরিশের মৃত্যু হয়।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের আসনে থাকা জনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বটগাছে গাড়ির ধাক্কা লাগে।
বারবাজার হাইওয়ে থানার এসআই জাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



