ঘোড়াঘাটে বিকল ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত

দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Location :

Dinajpur
ধাক্কা দেয়া ট্রাক
ধাক্কা দেয়া ট্রাক |নয়া দিগন্ত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ট্রাক চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।

রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আপন নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ তার দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাওয়ার পথে পাতি ভেঙে সড়কে বিকল হয়ে পড়ে। পরে মেরামতের কাজ শুরু করেন চালক ও হেলপার। এ সময় হঠাৎ দ্রুতগতিতে বগুড়ার দিকে যাওয়া গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক রাস্তায় বিকল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিনের ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার করে এবং আহত অবস্থায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।