জামায়াত আমির

দেশের মানুষ আগামী ১২ তারিখে সন্ত্রাস-চাঁদাবাজদের লালকার্ড দেখাবে

‘দেশের মানুষ এখন মুক্ত ভাবে কথা বলতে পারে একজন সাধারণ নাগরিক দুর্নীতি লুটপাট করলে যেমন বিচারের আওতায় আনা হবে তেমনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দুর্নীতি লুটপাট করলে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।’

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে জামায়াত আমির ডা: শফিকুর রহমান
নাটোরে জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘দেশের মানুষ সন্ত্রাস চাঁদাবাজী লুটপাটে জড়িতদের আগামী ১২ তারিখে লালকার্ড দেখাবে। দেশের মানুষ এখন মুক্ত ভাবে কথা বলতে পারে একজন সাধারণ নাগরিক দুর্নীতি লুটপাট করলে যেমন বিচারের আওতায় আনা হবে তেমনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দুর্নীতি লুটপাট করলে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এবারের নির্বাচনে জনগণের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিলে সকলের জন্য ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। কারো দুর্নীতি মেনে নেয়া হবে না।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলার ১১দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘ছাত্ররা কোটার দাবিতে আন্দোলনে নেমেছিল। এক দিনে আবু সাঈদসহ ছয়জনকে হত্যা করা হয় এক পর্যায়ে আন্দোলন সরকারের পতন আন্দোলনে রুপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনে বিরোধীরা ছাত্রীদের নির্যাতন করতেও বাদ দেয়নি। যার ফলে দেশের মানুষ আন্দোলনে অংশ নেয়। হাজারো ছাত্র-জনতার লাশ ও রক্ত জাতিকে উপহার দিয়ে ৫ আগস্ট সেই সরকারের পতন হয়। সরকার পতনের পর আরেক দল রাতারাতি চাঁদাবাজীর সকল দফতর নিজেদের নিয়ন্ত্রনে নেয়। দেশের মানুষ আর আগের মতো সন্ত্রাস চাঁদাবাজী লুটপাট দেখতে চায় না। সভা সমাবেশে মা বোনেরা আসছে তাদের মতামত তুলে ধরছে।’

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে মদিনার আদলে দেশ গঠন করে জাতিকে উপহার দেয়া হবে। রাত দিন যেকোনো সময় কোন নারী পথে বের হলে তাকে অসম্মানিত হতে হবে না। কেউ নারীকে অসম্মান করতে চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’

তিনি আরো বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে আমার বেকার ভাতা দিতে চাই না। আমরা বেকারদের সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করতে চাই। যুবকেরা যেন দেশে বিদেশে সব জায়গায় কাজ পায় এমন শিক্ষা দিতে চাই। তারা যেন গর্ব করে বলতে পারে আমিই বাংলাদেশ ‘

ডা: শফিকুর রহমান বলেন, ‘আমাদের যুবকেরা সাহসী উদ্যোমী উদ্যোগী, প্রয়োজন শুধু সুশিক্ষা আমরা সেটাই তাদের দিতে চাই।’

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫বছর পর্যন্ত প্রতিটি শিশুর ও ৬৫বছরের ঊর্ধ্বে সকল মানুষের সুচিকিৎসার দায়িত্ব নিবে সরকার।’

তিনি আরো বলেন, ‘এসব করতে বেশি টাকা লাগবে না। দেশে দুর্নীতি ব্যাংক লুট না হলেই সব করা যাবে, টাকার কোনো সমস্যা হবে না।’

জামায়াত আমির বলেন, ‘একটি পক্ষ চাকুরিজীবী ও সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে অশান্তি সৃষ্টি করতে চায়। সবাই আমরা ভাই ভাই, কেউ আমাদের বিরোধী নয়। এখন পে-স্কেলের জন্য আন্দোলন করতে হয়। এটা আর করতে হবে না। দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। যার যার উপযুক্ত প্রাপ্য তা সঠিক ভাবে বুঝিয়ে দেয়া হবে। প্রয়োজনীয় অর্থ সম্মান সুযোগ সুবিধা না দিয়ে আবার আগেই দুর্নীতির অভিযোগ করলেও হবে না। চোর চুরি করলে আগে দেখতে হবে তার মৌলিক চাহিদা পুরুনের ব্যবস্থা আছে কি না। আগে সেই ব্যবস্থা করতে হবে। খাবার না দিয়ে চোরের বিচার করতে বসলে হবে না। রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের খাবারের ব্যবস্থা করা।’

তিনি বলেন, কিছু হলেই আমরা বিদেশে যাই চিকিৎসা নিতে। এটা যেন করতে না হয় তাই জামায়াত ক্ষমতায় গেলে নাটোরসহ ৬৪ জেলায় একটি করে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজন মতো বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান মুসলিম সবাই একই বাগানের একেকটি ফুল। কাউকে আমরা কোনোভাবে বঞ্চিত করতে চাই না। বঞ্চিত করার সুযোগও কাউকে আর দেয়া হবে না। তিনি বলেন, দেশে দুর্নীতি লুটপাট না থাকলে এই দেশ রকেটের গতিতে এগিয়ে যাবে।’

ডা: শফিকুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিষয়ে কোনো অবহেলা করা হবে না। সারা বাংলাদেশে ১১দলীয় জোটের জোয়ার শুরু হয়েছে। সত্যের পথে পুরুষের সাথে নারীরা রাস্তায় নেমে আসছে। প্রতিটি সভা সমাবেশে নারীরাও উপস্থিত হয়ে সেই কথাই জানান দিচ্ছেন।’

১২ ফেব্রুয়ারি নির্বাচন শেষে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত আল্লাহর প্রতি অবিচল আস্থার সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দেশ প্রেমিক ছাত্রজনতার প্রতি আহ্বান জানান।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: সাদেকুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকেলের ১১দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাগপা সভাপতি রাশেদ প্রধান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফ এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও সেক্রেটারি আবু সাঈদ রনি প্রমুখ।

বক্তব্য শেষে ডা: শফিকুর রহমান নাটোর-১ আসনের জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যাপক মো: ইউনুস আলী, নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ও নাটোর-৩ আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির জেলা সদস্য সচিব এস এম জার্জিস কাদির বাবুকে পরিচয় করিয়ে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এর আগে তিনি রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।