চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো চাকুসহ মো: হাসান বিশ্বাস (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভোগাইল-বগাদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক হাসান বিশ্বাস ওই গ্রামের বাদল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সবুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ভোগাইল-বগাদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ বাড়ির সামনে সন্দেহভাজন হিসেবে হাসান বিশ্বাসকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একইসাথে এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না এবং মাদকের উৎস ও সরবরাহকারী কারা, তা শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।



