মসজিদে মসজিদে ওয়াজের মাধ্যমে গণভোটের প্রচারণার জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মসজিদে ওয়াজ করার সময় সামনে কোরআন-হাদিস ও সমাজের সমস্যাগুলো রাখবেন। সেগুলো নিয়ে আলোচনা করবেন। একইভাবে গণভোটের বিষয়ে পড়ে বুঝে মানুষকে বলবেন। কারণ আপনাদের কথাগুলো মানুষ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখে ও বিশ্বাস করে।
এ সময় মাদারীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: আশেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন পুলিশ সুপার মো: এহতেশামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও বিভিন্ন মসজিদের ইমামগণসহ অনেকেই।



