নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে সেই দু:সময়ে লড়াই করা জেলা যুবদলের সদস্য সচিব রনির বিরুদ্ধে ফতুল্লায় থানায় একটি মামলা দায়ের নিয়ে নারায়ণগঞ্জে তোলপাড় চলেছে। মামলাটিকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিতায় সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কয়েকটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেছেন, মশিউর রহমান রনি একজন নির্যাতিত রাজনীতিবিদ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি অসংখ্য মামলায় জেল খেটেছেন। বিশেষ করে যে সময় মানুষ কথা বলতে ভয় পেতো সে সময় মশিউর রহমান রনি সাবেক সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়েছেন। এজন্য রিমান্ডে নিয়ে তাকে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে।
তারা বলেন, এখন বিএনপি ক্ষমতায় এসেছে কিন্তু মশিউর রহমান রনির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি। তারই প্রমাণ সম্প্রতি তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মিথ্যা মামলা দায়ের।
এদিকে, মামলাটিকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী মশিউর রহমান রনির বিরুদ্ধে ফতুল্লা থানায় পরিকল্পিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।” তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে নেতারা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে এমন মামলা দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও সাজানো উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।
এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রনির বিরুদ্ধে এই মামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ।
সালাউদ্দিন রানা বলেন, মশিউর রহমান রনির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে তাকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার এই কৌশল পুরনো। কিন্তু ইতিহাস সাক্ষীএভাবে কখনোই সত্য ও ন্যায়ের পথকে থামানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুইপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় ১২ এপ্রিল একপক্ষ মামলা করেছে। ওই মামলায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকেও আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, সংঘর্ষে আহত রাকিবুল হাসান রাকিবের বাবা মো: হোসেন খোকা বাদী হয়ে শনিবার বিকালে মামলাটি করেছেন। মো: হোসেন খোকা এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।



