মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা, ২ ভাই গ্রেফতার

গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী (৪৫)। মাঝপথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় এলে পূর্ব শত্রুতার জেরে আব্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur Sadar
হত্যা মামলায় গ্রেফতার দুই ভাই
হত্যা মামলায় গ্রেফতার দুই ভাই |নয়া দিগন্ত

মাদারীপুরে আব্বাস চৌধুরী (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন— ভদ্রখোলা গ্রামের সোবাহান নপ্তির দুই ছেলে আক্কেল নপ্তি (৩৭) ও সাদ্দাম নপ্তি (২৮)।

জানা যায়, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী। মাঝপথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় এলে পূর্ব শত্রুতার জেরে আব্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।

পরে গুরুতর আহত অবস্থায় আব্বাসকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। ১৮ জানুয়ারি দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম জানান, আব্বাস চৌধুরী হত্যার ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম আনোয়ার জমাদ্দারসহ ৩০ জনের নামে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আক্কেল নপ্তি ও সাদ্দাম নপ্তি নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।